Abhisek Saha

 



অণুগল্প — ট্যাটু

 গল্পকার — অভিষেক সাহা

” তুমি আমাকে কতটা ভালবাসো জানু ?” প্রেমিকা জানতে চাইল।
” মহাকাশ ছাড়িয়ে, মহাসাগর পেরিয়ে, সুউচ্চ পর্বত শৃঙ্গের সমান আমি তোমায় ভালবাসি।” গলা চড়িয়ে দু’হাত দু’দিকে ছড়িয়ে প্রেমিক উত্তর দিল।
” উফ্, কী ন্যাকামো! কাল রাতে কী মুভি দেখেছো গো ?” মজা করে বলল প্রেমিকা।
” এই তো হল মুশকিল! সত্যি কথা সোজা ভাবে বললে লোকে ন্যাকামো ভাবে ,আর মিথ্যা কথা রঙিন মোড়কে পরিবেশন করলে সবাই বিশ্বাস করে নেয় ।” প্রেমিক অভিমান করে বলল।
” ওহো জানু, তুমি রাগ করলে, নাকি এটাও মুভি থেকে কপি- পেস্ট করলে ?” প্রেমিকা মুচকি হেসে  বলল।
” আমার সব কথাই যখন মুভি থেকে নেওয়া, একটাও আমার নিজেরও না ,আর সত্যি তো নয়ই, এই যদি তোমার আমার প্রতি বিশ্বাস হয়, তবে আর আমার এখানে ফিল্ডিং করার কোন মানেই হয় না। শুধুশুধু তোমার- আমার দু’জনেরই সময় নষ্ট। তারচেয়ে ভালো তুমি বাড়ি গিয়ে সিরিয়াল দেখ, আর আমি আমার কাজে যাই  ।” রাগ দেখিয়ে বলল প্রেমিক।
” আমার নামের পার্মানেন্ট ট্যাটু তোমার শরীরে করাতে পারবে ?” প্রেমিকের বলা কথায় জাস্ট পাত্তা না দিয়ে প্রেমিকা সংশয় মেশানো গলায় প্রশ্ন করল।
” না , পারব না ।” রাগ কমিয়ে শান্ত গলায় বলল প্রেমিক।
” আমি তো জানতাম, উত্তর না-ই হবে। তোমার শিরা- ধমনী- লোহিত রক্ত কণিকা সব আমার চেনা। সাধে বলছিলাম মুভির ডায়লগ! সামান্য একটা পার্মানেন্ট ট্যাটু যে আমার জন্য করতে পারে না, সে নাকি হ্যান করেগা ত্যান করেগা!” বিরক্ত হয়ে বলল প্রেমিকা।
প্রেমিকার হাত হাতে নিয়ে, চোখে চোখ রেখে, শান্ত গলায় প্রেমিক বলল, ” না সোনু , তুমি যা ভাবছ তা নয়, ওটা আমার শরীরে করালে আমি অনেক দিন রক্তদান করতে পারব না !”

Post a Comment

0 Comments